চকরিয়ার মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকায় এক মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৭ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫:৩০ ঘটিকায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আরিফুর রহমান। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধ প্রতিরোধে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততার ওপর বিশেষ জোর দেন। অপরাধ দমনে পুলিশ ও জনতার পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ উপস্থিত সকলকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহভাজন তথ্যাদি কালবিলম্ব না করে দ্রুত চকরিয়া থানা পুলিশকে জানানোর জন্য তিনি সর্বসাধারণের প্রতি অনুরোধ করেন।