ঢাকায় চীনা প্রতিরক্ষামন্ত্রী
চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি এক সংক্ষিপ্ত সফরে আজ মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সে সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংও উপস্থিত ছিলেন।
সফরের শুরুতেই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রীর। এরপর তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, ওয়েই ফেঙ্গহি এমন একটি সময়েই ঢাকায় অবস্থান করবেন যখন চীনের নেতৃত্বে "ভ্যাকসিন কোঅপারেশন" নামক ভার্চুয়াল সভায় যুক্ত হবেন বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীবর্গ।