নিউইয়র্কে ১৬তম ব্রুকলিন পথমেলা: ২৫ হাজার প্রবাসীর মিলনমেলায় এক খণ্ড বাংলাদেশ
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘১৬তম ব্রুকলিন পথমেলা’। গত ৬ জুন (শনিবার) চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (CMBBA)-এর উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য মেলায় প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।
দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চার্চ এভিনিউ, লিটল বাংলাদেশ কর্নার থেকে এভিনিউ সি কর্নার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে মেলায় অংশ নেন বিভিন্ন বয়সী প্রবাসীরা।
রফিকুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত এ মেলার কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ফজলুল কাদের এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রথিতযশা ব্যবসায়ী হাজী আব্দুল কাদের মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রব চৌধুরী, আবুল হাসনাত, লিয়াকত আলী, মহিউদ্দীন, শাইমন, আনোয়ারুল আজিম, এস. এম. ফেরদাউসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। প্রবাসে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মেলার সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী বলেন, “প্রবাসী বাংলাদেশিদের বিনোদন, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতেই আমরা নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকি। বিদেশের মাটিতে এই পথমেলা প্রবাসীদের জন্য প্রাণের মিলনমেলা এবং এক খণ্ড বাংলাদেশের প্রতিচ্ছবি। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও নতুন আঙ্গিকে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
মনোরম আবহাওয়ার কারণে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী মানুষের সরব উপস্থিতিতে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুদের জন্য ছিল বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ও খেলনার সমাহার। একই সঙ্গে প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময়ের জন্য মুক্ত হয়ে দীর্ঘদিনের পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময় ও আড্ডার সুযোগ পান আগত দর্শনার্থীরা।
মেলায় ছিল দেশীয় ঐতিহ্যবাহী পোশাক, থ্রি-পিস, হস্তশিল্প, পিঠাপুলি, চটপটি, ঝাল নাস্তা, আম ও বরইয়ের আচারসহ নানা ধরনের আকর্ষণীয় স্টল। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য উপস্থাপনায় মুগ্ধ হন দর্শনার্থীরা।
সব মিলিয়ে আনন্দঘন, প্রাণবন্ত ও সফল আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ১৬তম ব্রুকলিন পথমেলার, যা প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।