প্রজন্ম

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, রায়টির ফলে বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের সুযোগ হলো।

এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া।

আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, ২০২৩ সালের ৩ মে পুলিশের নন-ক্যাডার সাব ইন্সপেক্টর-এসআই (নিরস্ত্র) পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন আবেদন পূরণ করে চাকরিপ্রার্থীরা ওয়েব স্ক্রিনিং পাস করে ২০২৩ সালের ৬ থেকে ৮ জুন তিনদিনের শারীরিক পরীক্ষায় অংশ নেন এবং ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন। এরপর দুইদিনের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশ নিয়ে ৫৮৩৯ জন উত্তীর্ণ হন। পরে কম্পিউটার টেস্টে অংশ নিয়ে উত্তীর্ণ হন ৫০৩১ জন।

পরবর্তীকালে একই বছরের ১৯ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে একই বছরের ১৩ অক্টোবর ৫০৩১ জন প্রার্থীর মধ্যে মাত্র ৯২১ জনকে নিয়োগ দিতে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। পরে একই বছরের ১৭ থেকে ২৩ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা শেষে ৮৫৭ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু ২০২৩ সালের ৪ নভেম্বর রাজশাহীর সারদার মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে ৮২৩ জন যোগদান করে।