ব্রুকলিনে ‘বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন’-এর সর্ববৃহৎ পথমেলা
নিউ ইয়র্ক অফিস : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সর্ববৃহৎ ও বহুল প্রতীক্ষিত উৎসব 'ব্রুকলিন পথমেলা' (Brooklyn Street Fair). প্রবাসী বাংলাদেশিদের অন্যতম শীর্ষ সংগঠন 'বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইন্ক'-এর উদ্যোগে আগামী ২৫শে জুলাই, রোজ শনিবার এই জমকালো মেলা অনুষ্ঠিত হবে। চার্চ এবং ম্যাকডোনাল্ড এভিনিউর (Between Church Ave & Ave C) মধ্যবর্তী স্থানে দিনব্যাপী চলবে এই আয়োজন। মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (Meet The Press) সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির কর্মকর্তারা এই ঘোষণা দেন।
তারা জানান, এই পথমেলা কেবল একটি উৎসব নয়, বরং প্রবাসের বুকে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি এটি আমাদের কমিউনিটির মেলবন্ধনের এক অনন্য প্ল্যাটফর্ম।
আয়োজকরা জানান, মেলাকে দৃষ্টিনন্দন, সুসংগঠিত ও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন অংশগ্রহণমূলক প্রতিযোগিতাসহ নানা ধরনের চমকপ্রদ আয়োজন রাখা হয়েছে। বিশেষ করে, পরিবারের ছোট সদস্যদের জন্য থাকছে ভিন্ন মাত্রার বিনোদন। শিশুদের জন্য নিরাপদ খেলাধুলার বিশাল ব্যবস্থা, কিডস জোন এবং শিক্ষণীয় প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেলার সার্বিক নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সাথে আগামী ২৫শে জুলাই চার্চ ও ম্যাকডোনাল্ড এভিনিউর ঐতিহাসিক এই প্রাঙ্গণে ব্রুকলিনসহ নিউ ইয়র্কের সকল প্রবাসী বাংলাদেশিকে স্ব-পরিবারে উপস্থিত থেকে 'ব্রুকলিন পথমেলা' সফল ও সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।