অপরাধ বিচিত্রা

সন্দ্বীপে পুলিশ সদস্য অপহরণ: গ্রেপ্তার ১, অন্যদের ধরতে অভিযান

সন্দ্বীপে পুলিশ সদস্য অপহরণ: গ্রেপ্তার ১, অন্যদের ধরতে অভিযান

আসামি আব্দুল করিম

চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ কনস্টেবল জামালকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সন্দ্বীপ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল জামালকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে আব্দুল করিমের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, মুছাপুর ইউনিয়নের নির্জন এলাকা হিসেবে পরিচিত ‘ধাম’কে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ, আটকে রাখা, মারধর এবং জিম্মি করে অর্থ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাটিতে কনস্টেবল জামালসহ আরও কয়েকজনকে অপহরণ করে জোরপূর্বক ইয়াবা ট্যাবলেট হাতে ধরিয়ে দেওয়া এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগও স্থানীয়ভাবে রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, আব্দুল করিমের বিরুদ্ধে গত বছর পিডিবির সাবেক ঠিকাদার মিলাদুদ্দিন মুন্নাকে ‘ধাম’ এলাকা থেকে তুলে নিয়ে মারধর, টাকা দাবি এবং তাঁর সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল বলে জানা গেছে।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার বলেন, কনস্টেবল জামালকে অপহরণের ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুসন্ধান বিষয় : চট্টগ্রাম