ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসী নিহত হয়েছেন। এর মধ্যে সারিকাইত ইউনিয়নের পাঁচ, মাইটভাঙার এক ও রহমতপুরে ইউনিয়নের একজন। গেলো বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সিদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে মাছ ধরা শেষে বাসায় ফেরার পথে প্রবাসীদের বহন করা গাড়িটি বিপরীত মুখী মাছের গাড়ির চালকের বেপরোয়া গতিতে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। এতে নিহত ব্যক্তিরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মোঃ আরজু, মোঃ রকি, মোহাম্মদ সাহাব উদ্দিন (দৈনিক অনুসন্ধানের সাব-এডিটরে ভাগিনি জামাই) ও মো. বাবলু এবং মাইটভাঙার মোঃ জুয়েল ও রহমতপুরের মোঃ রনি।
নিহত মোহাম্মদ সাহাব উদ্দিনের নানা শ্বশুর নুরুল আলম চৌধুরী বলেন, ‘ আমাদের ইউনিয়নের পাঁচ তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। সাহাব উদ্দিনের অবুঝ ৪ মাস বয়সী মেয়ে আছিয়ার মুখের দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না’
নিহত সাহাব উদ্দিনের বাবা মোঃ আবু সিদ্দিক বলেন, ‘আমার ছেলে ওমানে মাছ ধরার বোটে কাজ করত। কয়েক দিন সাগরে থাকার পর আজ সকালে বাসায় ফিরছিল। পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হলো।’
এলাকাবাসী ও নিহতদের পরিবারের দাবী লাশগুলো দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হউক। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে স্ত্রী-সন্তান ও মা-বাবাদের মাঝে সঠিকভাবে পরিচয় শনাক্ত করে উপযুক্ত আর্থিক স্বান্তনা দেয়া হউক।
ওমানের দুকুম থানা পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে বলে জানা গেছে।